মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে আজ সকাল ১১টায় ঘিওর সরকারি কলেজ মাঠে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি ঘিওর বাসস্ট্যান্ড, ঘিওর বাজার সহ উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বিভিন্ন আলেমগন তাদের বক্তব্যে বলেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, দখলদারিত্ব এবং নির্মম গণহত্যা যেন গোটা বিশ্বের সচেতন মানুষকে বাকরুদ্ধ করে তুলেছে। ইসরাইলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তপিপাসু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি মুসলমান এবং মানুষ হিসেবে সকলের কর্তব্য। গাজার নিপীড়িত জনগণ যখন রক্তাক্ত, তখন ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। তা না হলে মানবসভ্যতার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। অবিলম্বে ইসরাইলের গণহত্যা ও জবরদখল থামাতে হবে।

তারা ব‌লেন, গাজা থেকে ঘোষিত আগত ‘No Work, No School Until Genocide Stops’ এই ডাক শুধু একটি শ্লোগান নয়, এটি মানবতার পক্ষ থেকে একটি চূড়ান্ত আহ্বান। বহুকাল ধরে নির্যাতিত-নিপীড়িত গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে আজ বিশ্বব্যাপী ডাকা হরতালের সঙ্গে আমরা পূর্ণ সংহতি ঘোষণা করছি।

হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জনমতের আহ্বান জা‌নিয়ে তারা বলেন, আমরা আহ্বান জানাচ্ছি- দল-মত নির্বিশেষে, কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যানারে নয়, বরং বাংলাদেশ ব্যানারে সবাই যেন রাজপথে নেমে দাঁড়িয়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জনমত গড়ে তুলি। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত-সবকিছু বন্ধ রেখে, সক্রিয়ভাবে রাজপথে দাঁড়ানো হোক গাজার জন্য, নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।

মন্তব্য লিখুন
ভাগ