বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টা থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকালে তার হাতে গড়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে।
এ ছাড়া মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ২টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তর সম্পাদক ও বিশিষ্ট কবি আব্দুল হাই সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালে উপস্থিত থাকবেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তার বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু।
এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, ১/১১-তে দেশের চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।
২০১১ সালে ১৬ই মার্চ বিএনপি’র মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
















