মানিকগঞ্জ পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকার রাস্তার পাশে পড়ে থাকা কার্টুনবন্দী নারীর মরদেহের পরিচয় মিলেছে। তবে এখনো হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কার্টুনবন্দী ক্ষতবিক্ষত ওই মরদেহটি গৃহবধূ বিউটি গোস্বামীর (৩৮)। তিনি রংপুরের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে।তিনি তার স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন রাজধানীর একটি বায়িং হাউজে চাকুরি করতেন। তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে।
গত ৬ এপ্রিল মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম পরিচয় সনাক্তের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্টুনবন্দী নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্তে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্ত হয়।এরপর পরিবারের সদস্যদের খবর দিয়ে মরদেহ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দ্রতই হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলকরঞ্জন পলাতক রয়েছে।
গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টুনবন্দী অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টুনবন্দী মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
















